ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন মুখপাত্র শহীদ শারিফ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় ভোটগ্রহণ শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আট সদস্যের একটি আংশিক কমিটিও প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল ইসলাম (রোকসান রাকিব)। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শোয়াইব বিন আহসান সিয়ামকে। দপ্তর সম্পাদক হয়েছেন রায়হান আহমেদ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ওমর।
এ ছাড়া মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম ইবনে জাহির। সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে হাবিবুল্লাহ মিশবাহকে।
সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দক্ষ ও জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এস সাবির এবং সদস্যসচিব হয়েছেন মামুনুর রহমান আদনান।
সার্চ কমিটির অন্যান্য সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিব সারওয়ার।
নবনির্বাচিত নেতৃত্ব জানায়, সংগঠনকে আরও সুসংগঠিত, জনসম্পৃক্ত এবং আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, কার্যক্রম সম্প্রসারণ এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
