ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সঙ্গে তর্কে জড়ান যুবদল নেতা নয়ন | ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
ভিডিওতে দেখা যায়, মাথায় হেলমেট ও হাতে একটি প্লাস্টিকের পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন রবিউল ইসলাম নয়ন। তিনি পুলিশ কর্মকর্তার উদ্দেশে অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ গুলি চালালেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নিচ্ছে না। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের দ্রুত সামনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।
অন্য একটি ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। বিকেলে আলিয়া মাদ্রাসা এলাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
সংঘর্ষে ছাত্রশিবির, ছাত্রশক্তি, বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ সংখ্যার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত একজন শিক্ষার্থী আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
