প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার পর তা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় এক প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে— এমন অভিযোগ ওঠার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার রাতে দলীয় সূত্রে জানানো হয়, সম্প্রতি গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের দুটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা হাতে পাওয়ার পর ইতোমধ্যে নাম পরিবর্তনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম চূড়ান্ত করার আগে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় পুনরায় গণশুনানির আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইউনিয়নের নতুন নাম নির্ধারণে এলাকার ইতিহাস, স্থানীয় ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি এবং সাধারণ মানুষের মতামত বিবেচনায় নেওয়া হবে। পরবর্তীতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন নাম কার্যকর করা হবে।
এর আগে চলতি মাসের ১১ জুন প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলার একাধিক ইউনিয়নের কাঠামোগত পরিবর্তন আনা হয়। পরে ১৪ জুন সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
সমালোচকদের অভিযোগ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের নাম অনুসারে ইউনিয়নের নামকরণে ভূমিকা রেখেছেন। অভিযোগ অনুযায়ী, নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা তার দুই ছেলের নামের সঙ্গে সরাসরি মিল রয়েছে। এছাড়া শিবগঞ্জের আরেকটি ইউনিয়নের নামও তার পারিবারিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে জনমতকে গুরুত্ব দিয়ে বিতর্কিত নামগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করা হবে।
