বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে ‘হাফটাইম শো’ আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এমন পরিকল্পনার কথা জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা এবার শুধু ফুটবলই নয়, উপভোগ করবেন বড় পরিসরের একটি সংগীত আয়োজনও।
সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দেয়ার সময় ইনফান্তিনো জানান, এটি বিশ্বকাপ ইতিহাসে একেবারেই নতুন সংযোজন হতে যাচ্ছে। তার ভাষায়, ১৯ জুলাই নিউ জার্সিতে আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো আয়োজন করব। তিনি আরও ইঙ্গিত দেন যে এই শোতে একাধিক আন্তর্জাতিক তারকা অংশ নেবেন, যদিও নির্দিষ্ট শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
তবে আয়োজনের পরিকল্পনা সম্পর্কে আভাস দিয়ে ইনফান্তিনো জানান, জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রধান ভোকালিস্ট ক্রিস মার্টিন এই শোয়ের কনটেন্ট ও পরিবেশনা সাজানোর কাজে যুক্ত আছেন।
তিনি বলেন, এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় স্টেজ শোয়ের মতো এক আয়োজন, যেখানে একাধিক শিল্পীর অংশগ্রহণ থাকবে এবং দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করা হবে।
ফুটবল ম্যাচের ১৫ মিনিটের বিরতিতে এমন বড়সড় সাংস্কৃতিক আয়োজন সাধারণত দেখা যায় না। বিশেষ করে ইউরোপীয় ফুটবলে এটি অত্যন্ত বিরল। অনেক সমর্থক মনে করেন, ম্যাচের স্বাভাবিক ছন্দে এই ধরনের বিনোদন বিভ্রান্তি তৈরি করতে পারে। এর আগেও এমন অভিজ্ঞতা খুব সীমিত আকারে দেখা গেছে।
২০১৭ সালে জার্মানির ডিএফবি কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচের মধ্যবিরতিতে পপ তারকা হেলেন ফিশার পারফর্ম করেছিলেন। তবে সেই সময় দর্শকদের একাংশের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ও দুয়োধ্বনি শোনা যায়, যা ফুটবল মাঠে হাফটাইম বিনোদনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কও তৈরি করেছিল।
তবুও যুক্তরাষ্ট্রের ক্রীড়াসংস্কৃতিতে হাফটাইম শো নতুন কিছু নয়। বিশেষ করে সুপার বোলের বিশাল সংগীত আয়োজন বিশ্বজুড়ে পরিচিত। ফিফার এই উদ্যোগকে অনেকে সেই ধারারই একটি আন্তর্জাতিক সম্প্রসারণ হিসেবে দেখছেন, যা বিশ্বকাপকে আরও বেশি বিনোদননির্ভর ও বৈশ্বিক ইভেন্টে পরিণত করতে পারে।
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা ধরনের আধুনিক ও বড় পরিসরের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ইনফান্তিনো জানিয়েছেন, এখানে বিশ্বখ্যাত অনেক তারকাকে দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে তিনি সাবেক মার্কিন ফুটবলার টম ব্র্যাডি এবং বাস্কেটবল কিংবদন্তি শ্যাকিল ও’নিলের কথাও উল্লেখ করেন, যারা এর আগেও বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।
