২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা পরে সংশোধিত বাজেটে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় নির্ধারিত হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি হিসেবে কৃষি খাতকে আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
তিনি জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো, আধুনিক বিপণন ব্যবস্থা এবং হিমাগার অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষকদের শুধু উৎপাদক নয়, বরং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন নীতিগত সহায়তা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।
