জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
সরকারকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে সংঘটিত গুম, খুন ও গণহত্যার সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। তা না হলে সরকারকে ক্ষমতা ছাড়ার পথ খুঁজতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে বহুবার আন্দোলন করেছে। জনগণের প্রত্যাশা ছিল নতুন সরকার অতীতের সব অপরাধের বিচার করবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে যারা বিচার ও জবাবদিহিতার কথা বলেছিল, এখন তারাই সেই অবস্থান থেকে সরে যাচ্ছে। বরং সাম্প্রতিক সময়ে দেশে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা বেড়েছে, যা জনগণকে হতাশ করছে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় প্রভাব বাড়ছে। এতে দেশে আবারও একক নিয়ন্ত্রণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হচ্ছে।
সাম্প্রতিক কয়েকটি হত্যার ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, অপরাধীদের বিচারের আওতায় না আনলে মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের স্বার্থে যতদিন কথা বলার সুযোগ থাকবে ততদিন তারা সংসদে থাকবেন। তবে পরিস্থিতি বদলে গেলে সংসদ ছাড়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
সমাবেশ থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে নতুন আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
