পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদ। ছবি: সংগৃহীত
ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিভিন্ন দেশের মুসল্লিরা ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালন করেছে। বুধবার (২৭ মে) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের মসজিদে মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিশেষ করে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মাতৃম মনিজ পার্কে এবারও ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের পরপরই ঈদের নামাজে অংশগ্রহণ করতে কয়েক হাজার মুসল্লি বিভিন্ন মসজিদে জড়ো হতে থাকেন।
নামাজের আগে প্রথমে ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরেন মার্তিম মনিজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দীন জুবায়ের। এরপর ঈদ জামাতের ইমামতী ও খুতবা প্রদান করেন অধ্যাপক মুফতি মাওলানা আবু সাঈদ। সেই সঙ্গে পর্তুগালের বন্দরনগরী পর্তো শহরে প্রবাসী মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মসজিদগুলো।
পোর্তোর কেন্দ্রীয় মসজিদে হযরত হামজা (রাঃ) জামে মসজিদে তিনটি জামাত আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার তাৎপর্য, ইমামতি ও খুতবা প্রদান করেন মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ মেহমুত সাই ও মাওলানা ইমরান হোসেন।
সেই সঙ্গে পর্তো সেন্ট্রাল মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। সকাল ৬টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হয়। যাতে সবাই নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।
আয়োজকরা জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। মুসল্লিদের সুবিধার্থে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছে।
ঈদের নামাজ শেষে প্রবাসী মুসলমানরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দূর প্রবাসে থেকেও এই উৎসব যেন নিয়ে আসে আপনজনের সান্নিধ্যের অনুভূতি। সবশেষে তাদের প্রিয় পশু কুরবানি দেন মুসল্লিরা।
