প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলা এবং জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক মেহেদী হাসানের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৯ জুন) রাতে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে তার নাম ব্যবহার করে বা তার পক্ষ থেকে কেউ যেন ব্যক্তিগতভাবে মামলা দায়ের, বিবৃতি প্রদান কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন— সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, এসব বিষয়ে তার পক্ষ থেকে কোনো অনুমোদন বা নির্দেশনা দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অগ্রযাত্রা প্রতিদিন-এর চার সাংবাদিককে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং আশা করেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সাংবাদিকের দ্রুত মুক্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ ঘটনায় যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই সাংবাদিক সমাজের ভেতরে কোনো ধরনের বিভাজন, ভুল বোঝাবুঝি কিংবা উত্তেজনা তৈরি না করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এছাড়া, নিজের সম্পর্কে যেসব তথ্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে শুক্রবারই প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক মেহেদী হাসানকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
