এইচএসসি পরীক্ষায় বডি-ওর্ন ক্যামেরা | ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে আয়োজন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সরকার। পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে এবার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ব্যবহার করবেন বডি-ওর্ন ক্যামেরা। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। সভায় বরিশাল অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস বা অন্য কোনো অনিয়মের সুযোগ দেওয়া হবে না। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে শুধু সিসি ক্যামেরা বসালেই হবে না, সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আলাদা কন্ট্রোল রুম রাখতে হবে। পরীক্ষাকালীন ধারণ করা ভিডিও সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।
বরিশাল-এ অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
