পরীক্ষা বয়কট করে ঢাকা কলেজে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
ঢাকা কলেজে ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর নাম উল্লেখ না থাকায় ক্ষোভে পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নেমেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশ না নিয়ে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং নিজেদের দাবির কথা প্রশাসনকে জানান। এ সময় চার সদস্যের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর নাম যুক্ত করার দাবি তোলে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগামী সোমবার (২২ জুন) একই দাবিতে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের কাছেও লিখিত আবেদন জমা দেওয়া হবে।
শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, নতুন অধ্যাদেশ অনুযায়ী সাতটি সরকারি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিচয় উপেক্ষা করা হচ্ছে। প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ উল্লেখ থাকত, তাহলে শিক্ষার্থীরা অন্তত স্বীকৃতির একটি বার্তা পেত।
একই সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি তৈরি হয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে। অথচ পরীক্ষার প্রশ্নপত্রে শুধুমাত্র ‘ঢাকা কলেজ’ লেখা থাকায় শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন ও পরিচয়কে অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন।
তিনি আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু একটি প্রশাসনিক নাম নয়, এটি হাজারো শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তাই প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিচয় থাকা উচিত ছিল।
এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব একাডেমিক কার্যক্রমে প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় নথিতে বিশ্ববিদ্যালয়ের নাম থাকা বাধ্যতামূলক হওয়া উচিত।
