মাজারে গিয়ে নিজের মাথায় জুতা মেরে বিএনপি ছাড়ার ঘোষণা নারীর | ছবি: সংগৃহীত
বাগেরহাটে এক নারী রাজনৈতিক কর্মীর অস্বাভাবিক প্রতিবাদের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি জনসম্মুখে নিজের মাথায় জুতা দিয়ে আঘাত করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন।
জানা গেছে, রোববার (২১ জুন) বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত লোকজনের সামনেই ওই নারী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরে আবেগঘন প্রতিক্রিয়ায় নিজেই নিজের মাথায় জুতা দিয়ে আঘাত করে জানান, ভবিষ্যতে তিনি আর দলীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, দীর্ঘদিন দল করার পরও তিনি হতাশ ও ব্যথিত। সেই ক্ষোভ থেকেই তিনি এমন প্রতীকী প্রতিবাদ করছেন এবং আর কখনো রাজনীতিতে সক্রিয় থাকবেন না বলে ঘোষণা দেন।
যদিও ওই নারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের কর্মীদের অবদান যথাযথ মূল্যায়ন না হওয়ায় দলের ভেতরে হতাশা বাড়ছে।
পোস্টের মন্তব্যে কয়েকজন নেতাকর্মী দাবি করেন, সাধারণ কর্মীরা বছরের পর বছর দলীয় কার্যক্রমে সময় ও শ্রম দিলেও তাদের অবস্থার পরিবর্তন হয় না। বিপরীতে কিছু নেতা ব্যক্তিগতভাবে নানা সুযোগ-সুবিধা নিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এ ধরনের বৈষম্য থেকেই মাঠপর্যায়ের অনেক কর্মী ক্ষুব্ধ হয়ে পড়ছেন বলে মত দেন তারা।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৃণমূল নেতাকর্মীদের অসন্তোষ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
