ছবি: সংগৃহীত
আর কিছুক্ষণ পরই উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো ২৩তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আজ (১১ জুন) মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচের মধ্য দিয়ে রেকর্ড ১০৪ ম্যাচের এই ফুটবল মহাযজ্ঞের সূচনা হবে, যা ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালের মাধ্যমে শেষ হবে।
এবারের বিশ্বকাপের মূল আকর্ষণ হলো তিনটি আয়োজক দেশেই পৃথক ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা ফুটবলপ্রেমীদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও টুর্নামেন্টের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে মেক্সিকোতে।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান এবং লিলা ডাউনস।
কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে শুরু হবে ৯০ মিনিটের অনুষ্ঠান। এরপর রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক কানাডা।
কানাডার অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে শনিবার। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে শুরু হবে ৯০ মিনিটের অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা, আলোকসজ্জা এবং গল্পভিত্তিক মঞ্চায়নের আয়োজন থাকবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা এবং টাইলা।
