ছবি: সংগৃহীত
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে সোমবার রাতে শিশুটিকে নিয়ে গোসল করতে দিঘিতে নামে তার মা। এ সময় হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে গেলে স্থানীয়রা ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দিঘিতে শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে দিঘিতে কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার অভিযানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
