পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুকে ঘিরে চলমান অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ইউএনও’র বিরুদ্ধে ছড়ানো অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল হাসান মামুন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা, শিক্ষক ও সামাজিক কর্মী হুমায়ুন কবির এবং সাবেক ছাত্রনেতা ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগ করেন, একটি মহল প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সমাবেশ থেকে জানানো হয়, কোনো সরকারি কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি আইনানুগ পদ্ধতিতে উত্থাপন করা উচিত। মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে হয়রানি করার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
