ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন না করায় দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সংকট তৈরি হয়েছে। তিনি মনে করেন, গণভোট বা জনগণের প্রত্যক্ষ মতামতকে গুরুত্ব দিলে অনেক জটিল পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
বুধবার সকালে রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসে।
আলোচনায় চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবারের বাজেট নিয়ে আগে থেকেই যে ধরনের ধারণা করা হয়েছিল, বাস্তবতায় সেটি প্রায় একই রকম হয়েছে। তবে দেশের অর্থনৈতিক চাপ কমাতে আরও কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা এককভাবে কোনো পক্ষের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সরকার, বিরোধী দল এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে তিনি জনগণকে পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং সামাজিক পরিবেশ সম্পর্কে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
