কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির বিষয়ে আহ্বান জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে সারা বছরই আনারস উৎপন্ন হয় যা স্বাদে এবং গুণগত মানে অনন্য।’
সোমবার (২৭ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি খাতে অনেক মিল রয়েছে। বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায়। এ জন্য দেশের কৃষিকে ঢেলে সাজানো হচ্ছে।’ উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্ত্রী জানান।
ব্লু ইকোনমি নিয়ে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের গভীর সমুদ্রের সম্পদ, বিশেষ করে মৎস্য আহরণের টেকসই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে এ বিষয়ে অভিজ্ঞ দেশের সহযোগিতায় মৎস্য সম্পদ জরিপ হয়েছে।’ এ বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রী হাইকমিশনারকে আহ্বান জানান।
হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে একসাথে কাজ করতে আগ্রহী। পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের পূর্ণবৃত্তি দেয়া হচ্ছে।’ দুই দেশের কৃষি ও প্রাণিসম্পদ ইনস্টিটিউট এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণার সম্ভাবনার কথাও হাইকমিশনার জানান।পাকিস্তানে উন্নত জাতের গরুর সাথে সংকরায়নের মাধ্যমে দেশি গরুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব উল্লেখ করে এ বিষয়ে কাজ করতে তার দেশের আগ্রহের কথাও জানান।
পাকিস্তান হাইকমিশনার তার দেশে উৎপাদিত চাল, মেইজ, তুলা, ইক্ষু ও বিভিন্ন প্রজাতির ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে জানিয়ে বলেন, ‘উচ্চ ফলনশীল ইক্ষুসহ চিনি উৎপাদনে পাকিস্তান বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী।
পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতি সরবারহ করছে জানিয়ে ইাইকমিশনার জানান, বাংলাদেশ আগ্রহী হলে তার দেশ থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি রপ্তানি সম্ভব। কৃষি মন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের আগ্রহকে স্বাগত জানান।
