এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই বিজয়ের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে আসছেন তৃষা। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে বিজয়ের ৫২তম জন্মদিনে তৃষার একটি পোস্ট নতুন করে সেই আলোচনাকে উসকে দিয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি ২২ জুন ৫২ বছরে পা দেন। প্রতি বছরের মতো এবারও ভক্তরা অপেক্ষায় ছিলেন, তৃষা তাকে শুভেচ্ছা জানান কি না। কিন্তু জন্মদিনের দিন কোনো পোস্ট না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা। কেউ কেউ তো দাবি করেন, তৃষা নাকি বিজয়কে আনফলোও করেছেন।
তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ইনস্টাগ্রামে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান তৃষা। পোস্ট করা ছবিতে দেখা যায়, প্রিন্টেড শার্ট পরা বিজয় হাসিমুখে বসে আছেন। তার পাশেই বসে তৃষা, চোখ যেন সরছেই না বিজয়ের দিক থেকে। দুজনের সামনে সাজানো রয়েছে পাঁচটি কেক। ছবির ক্যাপশনে তৃষা লিখেছেন, যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। অনেকেই ভাবছেন রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল জন্মদিনের উদযাপন।
এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই বিজয়ের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে আসছেন তৃষা। ২০২৩ সালে ‘লিও’ সিনেমার শুটিংয়ের সময় তুষারঢাকা একটি স্থানে তোলা দুজনের ছবি পোস্ট করেছিলেন তিনি। ২০২৪ সালে একটি মিরর সেলফি শেয়ার করে লিখেছিলেন, ঝড়ের মাঝে শান্তি, শান্তির মাঝে ঝড়! সামনে আরও অনেক মাইলফলক আসুক। আর ২০২৫ সালে বিজয়কে তার পোষা প্রাণীর সঙ্গে খেলতে দেখা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, হ্যাপি বার্থডে, বেস্টেস্ট।
প্রসঙ্গত, থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
