গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও হয়রানির অভিযোগ নতুন নয়। এবার দেশটির উত্তর প্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগ তুলে তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও জব্দ করা মাংসটি আদৌ গরুর কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলার একটি বাড়িতে গরুর মাংস রান্না করা হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালায় স্থানীয় পুলিশ। অভিযানের সময় বাড়িতে থাকা কয়েকজন পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও শামা পারভিন, শাইস্তা ও ফাতিমা নামে তিন নারীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া মাংস পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই আটক তিন নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
এ ঘটনায় আটক নারীদের স্বামীসহ আরও কয়েকজনের খোঁজ করছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, মাংসটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে গরু জবাই ও গরুর মাংস সংক্রান্ত আইন অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হয়। এসব আইনের আওতায় গরুর মাংস সংরক্ষণ বা ভক্ষণ সংক্রান্ত অভিযোগে প্রায়ই মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
