শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হওয়াকে তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাঠ্যসূচি শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হবে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করে আগামীতে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
