থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু জবাই পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া আদালতের রায়কে ঘিরে নতুন আইনি বিতর্ক তৈরি হয়েছে। এই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ্যে পশু কোরবানি বন্ধের দাবিতে করা একটি জনস্বার্থ আবেদনের শুনানি শেষে মাদ্রাজ উচ্চ আদালত রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে।
রায়ে আদালত ১৯৭৬ সালে জারি করা একটি সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের মতে, গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ জরুরি।
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার বলেছে, আদালতের দেওয়া নির্দেশ রাজ্যে বিদ্যমান আইন অনুযায়ী সঠিক নয়। সর্বোচ্চ আদালতে জমা দেওয়া আবেদনে সরকার জানিয়েছে, রাজ্যের প্রচলিত আইনে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গরু জবাইয়ের অনুমতি রয়েছে।
সেই আইন অনুযায়ী, ১০ বছরের বেশি বয়সী এবং যেসব গরু আর কাজ করতে পারে না বা প্রজননে অক্ষম, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেবল সেসব গরু জবাই করা যেতে পারে।
রাজ্য সরকারের দাবি, সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত আইনসভার নির্ধারিত ক্ষমতার ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে। ফলে বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
